টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, টেকনাফ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মগপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় মোহাম্মদ আলী (৩২) ও মোহাম্মদ আমিন (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই হ্নীলা ইউনিয়নের মগপাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইউনুছের ছেলে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।