হবিগঞ্জে বালুর ভেতর লুকানো সোয়া কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:৫০ এএম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাটে বালুভর্তি ডাম্প ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া চা-বাগান এলাকায় এ অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, একটি ডাম্প ট্রাকে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল চুনারুঘাটের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়।
মঙ্গলবার ভোর ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের বালুর ভেতরে বস্তায় অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস। পরে এসব পণ্য ও চোরাচালানে ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।