EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরকীয়ার অভিযোগে ফরিদপুরে জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:০২ এএম

পরকীয়ার অভিযোগে ফরিদপুরে জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি
অ অ

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াত নেতৃত্ব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি তিনি বোয়ালমারী বাজারের ‘মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতাল’-এ অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রের দাবি, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি দুই পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।

হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, কয়েক দিন আগে ওই প্রবাসী ফোন করে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছিলেন। তবে অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।

এ বিষয়ে ইনামুল মোল্লা ও তাঁর পরিবারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।

তবে অভিযোগটির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন