নারীদের নিরাপদ যাতায়াতে তিন শহরে পিংক বাস চালু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
নগরীর কর্মজীবী ও নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়বে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারীসহ সব নারী যাত্রীর নিরাপদ যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকায় প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। পাশাপাশি বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এই সেবার আওতায় চলবে।
এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা হলেও বিভিন্ন কারণে তা নিয়মিতভাবে পরিচালিত হয়নি। নতুন করে পিংক বাস চালুর মাধ্যমে নারী যাত্রীদের জন্য নিরাপদ গণপরিবহন সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিআরটিসি জানিয়েছে, ভবিষ্যতে যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় এই বিশেষ বাসের সংখ্যা এবং সেবার পরিধি বাড়ানো হতে পারে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই উদ্যোগ গণপরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।