জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে
ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:০৭ এএম
জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করছেন গভর্নিং বডির সভাপতি এসএম বজলুর রশীদ।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ গড়ে তুলতে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজে শুরু হয়েছে ব্যাপক সংস্কার কাজ। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় চলছে মেরামত ও সীমানা প্রাচীর নির্মাণকাজ, যার উদ্বোধন হয় সোমবার বিকেলে।
নির্মাণকাজের উদ্বোধন করেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এসএম বজলুর রশীদ। এ সময় জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মো. দাদন মিয়াসহ জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ ও বিকেনগর সরকারি কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম বজলুর রশীদ বলেন, ‘জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের অবকাঠামোগত উন্নয়নে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। সীমানা প্রাচীর নির্মাণের ফলে কলেজের নিরাপত্তা ও পরিবেশ আরও সুন্দর হবে। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্ব ও সহযোগিতায় কলেজের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।’
অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের উন্নয়নকাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। সীমানা প্রাচীর নির্মাণ হলে ক্যাম্পাসের নিরাপত্তা ও সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ তৈরি হবে। কলেজের অবকাঠামোগত উন্নয়নে যারা সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও কলেজের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
কলেজ সংশ্লিষ্টরা জানান, সংস্কার, মেরামত ও সীমানা প্রাচীর নির্মাণকাজ সম্পন্ন হলে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। উন্নয়নকাজ শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যেও সন্তোষ দেখা দিয়েছে।