বসুন্ধরাকে মডেল ধরে ‘বাসযোগ্য ঢাকা’ গড়ার কথা জানালেন ডিএনসিসি প্রশাসক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম
একটি আধুনিক, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে বসুন্ধরা আবাসিক এলাকাকে মডেল হিসেবে গ্রহণের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১৭ আগস্ট) আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মো. শফিকুল ইসলাম খান বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর সৃষ্টিতে বিভিন্ন অংশীজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এককভাবে কারো পক্ষে তা সম্ভব নয়; সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। এ কাজে আনভীর বসুন্ধরা গ্রুপও ডিএনসিসিকে সার্বিক সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমরা নগরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা উপহার দিতে চাই। এ কাজে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ জরুরি। সবার সহযোগিতায় আগামী দিনে একটি চমৎকার বাসযোগ্য শহর উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’
নগরীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রশাসক জানান, এডিস মশার বিস্তার রোধে ইতোমধ্যে বেশ কিছু প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি সার্বিক পর্যবেক্ষণে একটি টাস্কফোর্স গঠনের পাশাপাশি ডিএনসিসির ১০টি অঞ্চলে স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে কঠোর মনিটরিং চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সরকারি দপ্তরসহ যেসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিয়মিত মশক নিধনের ওষুধও ছিটিয়ে দেওয়া হচ্ছে।
প্রশাসকের দাবি, বর্তমানে মশার বংশবৃদ্ধি পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। তবে বর্ষার বৃষ্টি শেষে ডেঙ্গুর সম্ভাব্য ‘হটস্পট’গুলো শনাক্ত করে বিশেষ অভিযান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।