কাকুড়িয়া বিলে জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের দাবিতে স্মারকলিপি
ডেইলি সান রিপোর্ট, মনিরামপুর (যশোর)
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম
যশোরের মনিরামপুর উপজেলার কাকুড়িয়া বিলে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। অপরিকল্পিতভাবে ঘের ও বেড়ি নির্মাণের কারণে বিলের পানি ঠিকমতো নামতে পারছে না বলে অভিযোগ তাদের।
পানি নিষ্কাশনের দাবিতে রবিবার (১৬ আগস্ট) স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছেন।
কাকুড়িয়া বিলটি উপজেলার ভোজগাতি, মনিরামপুর সদর ও কাশিমনগর ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। স্থানীয় কৃষকদের অভিযোগ, বিলের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ঘের ও বেড়ি নির্মাণ করা হয়েছে। এতে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জলাবদ্ধতার কারণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, ভোজগাতি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন ও বিএনপির নেতা আব্দুল মান্নান দফাদারসহ অন্যরা।
এ বিষয়ে ইউএনও সম্রাট হোসেন বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। তদন্তের পর পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।