EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
অ অ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন কুসুমপুর বিওপির চাপাতলা মাজার সংলগ্ন সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬১/১২-আর সংলগ্ন গেট দিয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। তাদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু রয়েছেন।

তারা শূন্যরেখা পার হয়ে বাংলাদেশে প্রবেশের আগেই কুসুমপুর বিওপির বিজিবির একটি নিয়মিত টহল দল বিষয়টি টের পায়। বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা সৃষ্টি করে। বিজিবির প্রবল বাধার মুখে পুশইন কার্যক্রম ব্যর্থ হয়।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, ওই ৪ জন ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে একটি ঘন কলাবাগানের ভেতর অবস্থান করছেন। ঘটনাটি সম্পর্কে ইতিমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন