EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

বিভিন্ন স্থানে চেকপোস্ট-নজরদারি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
অ অ

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার রাখা হবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থেকে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে।

এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে।

স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত কর্মকর্তা ও ফোর্স রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিং মলসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন। এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নগরবাসীর নিরাপদ চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। একই সঙ্গে ডিএমপির সংশ্লিষ্ট সব ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন