গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে সব বিকল্প কাজে লাগাচ্ছে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব বিকল্প কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জনদুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান গ্যাস সংকটের অন্যতম কারণ হিসেবে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সমস্যার কথা তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সামিটের টার্মিনালে এলএনজি কার্গো নিয়ে একটি জাহাজ বঙ্গোপসাগরে অপেক্ষা করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি টার্মিনালে ভিড়িয়ে এলএনজি খালাস করা যাচ্ছে না।
অন্যদিকে এক্সিলারেট টার্মিনালও অর্ধেক সক্ষমতায় চলছে। বয়লার সমস্যার কারণে টার্মিনালটি বর্তমানে প্রায় ৫০ শতাংশ সক্ষমতায় গ্যাস সরবরাহ করছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এক্সিলারেট টার্মিনালকে পূর্ণ সক্ষমতায় নিতে প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে। তবে এতে ওই সময়ে গ্যাস সরবরাহ আরও কমে যেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে মালয়েশিয়ার কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে দেশটির সঙ্গে ভার্চ্যুয়াল ও সরাসরি বৈঠক হয়েছে।
মালয়েশিয়ার প্রস্তাব নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সরকার অন্তত একটি এলএনজি কার্গো পাওয়ার আশা করছে। পাশাপাশি আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় এটিকে মধ্যমেয়াদি সমাধান হিসেবে দেখা হচ্ছে।
গ্যাস-বিদ্যুৎ সংকটে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, এ পরিস্থিতির জন্য সরকার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছে। আবহাওয়া স্বাভাবিক হলে সামিটের টার্মিনালে থাকা এলএনজি কার্গো খালাস করা সম্ভব হবে এবং ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
সংকট পুরোপুরি কবে কাটবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনদুর্ভোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।
দেশের নিজস্ব গ্যাস উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। অতীতে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমাধানের পরিবর্তে তাৎক্ষণিক সমাধানে বেশি গুরুত্ব দেওয়ার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।