EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘প্রেসারকুকার বোমা’ নিষ্ক্রিয়, বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

ডেইলি সান রিপোর্ট, সাভার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

‘প্রেসারকুকার বোমা’ নিষ্ক্রিয়, বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

ছবি: সংগৃহীত

অ অ

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পাওয়া ‘প্রেসারকুকার বোমা’ নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল দল।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে সতর্কতার সঙ্গে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া দেখা যায়।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এটি শক্তিশালী একটি বোমা ছিল। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপেরবাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কাপড়চোপড়ের সঙ্গে একটি প্রেসারকুকার ছিল।

পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন। স্থানীয়দের দাবি, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি রাতে ড্রামটি সেখানে রেখে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, এর আগে মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় পাওয়া তথ্যের ভিত্তিতে সাভারে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে।

সাধাপুর গোপেরবাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে পাওয়া বোমাটির সঙ্গে ওই ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন