বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে আদালতের প্রবেশগেটের বাম পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বিকট শব্দ হয়। এতে আদালত চত্বরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইনজীবী আমিনুল ইসলাম বলেন, প্রথমে অনেকে ধারণা করেছিলেন, ট্রান্সফর্মার কিংবা গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে।
পরে আদালতের প্রবেশগেটের বাম পাশে গিয়ে তারা দেখতে পান, ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি জানাজানি হলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুরো এলাকা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ঘিরে রেখেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।
তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে রাজি হননি তিনি।