EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
অ অ

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ট্রেনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই কমিউটার ট্রেন চালু করা হয়েছে। পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতার মধ্যেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেনটি চালু করা হয়েছে।

নতুন এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা স্বল্প ব্যয়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে কর্মদিবস শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন। এতে রাজধানীমুখী স্থায়ী আবাসনের প্রবণতা কমার পাশাপাশি ঢাকার আবাসন, যানজট ও নগরসেবার ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া গোপালগঞ্জ ও আশপাশের এলাকার শাকসবজি, কৃষিপণ্য, মাছসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য দ্রুত ও তুলনামূলক কম খরচে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পৌঁছাবে। অপরদিকে ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটিতে রয়েছে আটটি কোচ এবং মোট ৬৩০টি আসন। ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৪৮ কিলোমিটার রুটে ট্রেনটি সাতটি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো—কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

ট্রেনটির প্রথম যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।

আরও পড়ুন