EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান নানজিবা

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান নানজিবা

রিফায়া নানজিবা। ছবি: সংগৃহীত

অ অ

স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। সেই স্বপ্নের পথে প্রথম বড় সাফল্য পেল নীলফামারীর রিফায়া নানজিবা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নীলফামারী এ আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে নানজিবা।

নানজিবার বাবা সাংবাদিক এম আর চৌধুরী রাজু ডেইলি সানের নীলফামারী জেলা প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে এম আর চৌধুরী রাজু বলেন, ‘তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল মিলেছে অবশেষে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে চমৎকার সাফল্য অর্জন করেছে নানজিবা। জিপিএ-৫ পেয়ে সে নিজের মেধার স্বাক্ষর রেখেছে।’

মেয়ের এই সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে তিনি স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

নানজিবার সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের হাওয়া। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী নানজিবা ভবিষ্যৎ নিয়েও নিজের লক্ষ্য ঠিক করে রেখেছে।

নিজের স্বপ্নের কথা জানিয়ে নানজিবা বলে, ‘অনেকেরই অনেক ধরনের লক্ষ্য রয়েছে। খুব ছোটবেলা থেকেই আমার লক্ষ্য, আমি ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই।’

গোল্ডেন জিপিএ-৫ অর্জনের আনন্দের পাশাপাশি এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের প্রস্তুতি নিতে চায় নানজিবা। তার এই সাফল্য ও স্বপ্নে পরিবারও আশাবাদী, একদিন সে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

আরও পড়ুন