জুলাই অভ্যুত্থানে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন দাবি করেছে জুলাই হত্যা মামলার প্রসিকিউশন।
রবিবার (৯ আগস্ট) জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়। পরে ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।
ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় এই কল রেকর্ডকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রসিকিউশন বলছে, আন্দোলন দমনে মারণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। এসব কর্মকাণ্ডের তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়।
ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে কল রেকর্ডটির সত্যতা যাচাই করা হয়েছে। এরপর সেটি তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।