EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই
অ অ

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানির খসড়া নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শনিবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নীতিমালার মূল লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা বজায় রাখাও এর উদ্দেশ্য।

মন্ত্রণালয় বলছে, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতা জাতীয় স্বার্থে কাজে লাগানো হবে।

নীতিমালাটি চূড়ান্ত করার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়া হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

এ কারণে প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, এ ধরনের তথ্য প্রচার অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে তারা।

আরও পড়ুন