চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী
ডেইলি সান রিপর্টার, তাড়াশ ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বৃহত্তর চলনবিল এশিয়া তথা বিশ্বের বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু মানুষের আকর্ষণের কেন্দ্র হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পর্যটকেরা প্রশান্তি খুঁজে পাবেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
শনিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে ‘চলনবিল সমন্বিত ইকো-ট্যুরিজম ও আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন প্রকল্পের’ সম্ভাব্যতা যাচাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা চলনবিলের ৯ নম্বর ব্রিজ এলাকা পরিদর্শন করেন।
পরে চলনবিলের প্রাণকেন্দ্র দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পর্যটনমন্ত্রী বলেন, চলনবিল অধ্যুষিত নাটোর জেলার বিভিন্ন স্থান তারা পরিদর্শন করেছেন। তাড়াশ উপজেলার ৯ নম্বর ব্রিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থানটিও পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, চলনবিলকে ঘিরে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।