১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫০ পিএম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি বলেন, ‘আমরা তো কোনো কৃতিত্বের জন্য যুদ্ধ করিনি।’
শুক্রবার (৭ আাগস্ট) ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের অনেক দিক এখনো সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে। তাঁর ভাষ্য, স্বাধীনতার পর ক্ষমতায় আসা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে চাননি। এ কারণে স্বাধীনতা যুদ্ধের অনেক ঘটনা এখনো মানুষের অজানা।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়।’
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, যারা ১৯৭১ সাল দেখেননি, তারা সেই সময়ের বাস্তবতা কল্পনাও করতে পারবেন না। ‘আমরা একটি গর্বিত জাতির জন্ম দেখেছি। জাতির জন্মলগ্নে যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীন দেশও দেখেছি। এখন শুধু চাই একটি সুন্দর দেশ গড়ে উঠুক,’ বলেন তিনি।