সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলে আহত
ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বদিউল আলম (৪২) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালের দিকে উখিয়ার পালংখালী-বালুখালীর ওপারে রাখাইন সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত বদিউল আলম উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা মো. সোনা মিয়ার ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই বিস্ফোরণে উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মো. বদিউল আলম (৪৫) আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আহত ব্যক্তি নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে এসে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।