দিনাজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজন ও জেলা পরিষদের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহা. শাহাজান আলি, ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বক্তব্য দেন হাফেজ শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর ফারুক, শহীদ রুদ্রের বাবা সুদির কুমার সেন, ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শাহীন, আন্দোলনে আহত মোস্তফা সাকিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আমিরসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে, সকাল ১০টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শহরের বড়মাঠ জিমনেসিয়াম সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক শ্রম দপ্তর, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।