EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আনসার-ভিডিপির জুলাই দিবস পালন, সংস্কারের প্রত্যয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

আনসার-ভিডিপির জুলাই দিবস পালন, সংস্কারের প্রত্যয়

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। একই সঙ্গে মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে চলমান প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।

বুধবার (৫ আগস্ট) আনসার ও ভিডিপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। একই সময়ে বাহিনীর সব রেঞ্জ, জেলা, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন আনসার, ব্যাটালিয়ন এবং উপজেলা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বিশেষ দোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহত যোদ্ধাদের সুস্থতা এবং দেশ, জাতি ও বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অনৈতিক চর্চা, অপেশাদারিত্ব ও জবাবদিহিতার অভাব জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বৈষম্য সৃষ্টি করে। তাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দায়বদ্ধতা, সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রীয় সংস্কারের ধারাবাহিকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্য, ন্যায্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে বাহিনীর বিভিন্ন সেবাকে ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে। এর ফলে সদস্যদের মধ্যে জবাবদিহিতা, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে।

মহাপরিচালক বলেন, ধারাবাহিক এই প্রাতিষ্ঠানিক সংস্কারের ফলে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈষম্য দূরীকরণ, সমঅধিকার প্রতিষ্ঠা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে নৈতিকতা, জবাবদিহিতা ও সুশাসনের চর্চাই একটি টেকসই ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের অন্যতম পূর্বশর্ত।

মহাপরিচালক জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপির সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা এবং নতুন বাংলাদেশের রূপান্তরের অভিযাত্রা নিয়ে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় মহাপরিচালক উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা, মূল্যবোধ ও বার্তা আত্মস্থ করে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জনকল্যাণে নিবেদিত থেকে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন