EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইমাম-মুয়াজ্জিনসহ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

ইমাম-মুয়াজ্জিনসহ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি

ছবি: সংগৃহীত

অ অ

চলতি ২০২৬–২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিকে মাসিক সম্মানি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত ‘মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা’ বিষয়ক সেলের সপ্তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি চালু করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি জানান, কর্মসূচির প্রথম বছরে দেশের মোট লক্ষ্যমাত্রার এক-চতুর্থাংশ হিসেবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগীকে সম্মানি দেওয়া হবে। পরবর্তী চার বছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন, ৩ হাজার মন্দিরের ৬ হাজার জন, ৭৫২টি বৌদ্ধ বিহারের ১ হাজার ৫০৪ জন এবং ৩০১টি গির্জার ৬০২ জন এ সুবিধার আওতায় আসবেন।

তিনি আরও জানান, ২০২৫–২৬ অর্থবছরে দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের মোট ১৩ হাজার ৯৪৯ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় কর্মীকে সম্মানি প্রদান করা হয়েছিল।

সম্মানির হার সম্পর্কে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ইমাম, পুরোহিত, বিহারাধ্যক্ষ ও যাজকেরা মাসে ৫ হাজার টাকা করে পাবেন। মুয়াজ্জিন, সেবাইত, বিহারের উপাধ্যক্ষ ও সহকারী যাজকদের জন্য মাসিক সম্মানি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। আর মসজিদের খাদেমরা মাসে ২ হাজার টাকা করে সম্মানি পাবেন। এ ছাড়া প্রত্যেক সুবিধাভোগীকে বছরে ২ হাজার টাকা উৎসব ভাতাও দেওয়া হবে।

তিনি জানান, সুবিধাভোগীদের চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্ম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং অর্থ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন