EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অংশীজনের মতামতেই চূড়ান্ত হবে সংবিধান সংশোধন: বিশেষ কমিটি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

অংশীজনের মতামতেই চূড়ান্ত হবে সংবিধান সংশোধন: বিশেষ কমিটি
অ অ

সংবিধান সংশোধনের আগে জুলাই আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। তাদের মতামতের ভিত্তিতেই সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি।

মঙ্গলবার (৪ আগস্ট) সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হয়। কমিটি এ বৈঠককে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে।

কমিটি জানায়, সংবিধান সংশোধনের বিষয়ে জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্য, বিরোধী দলের সদস্য এবং অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হবে।

কমিটির মতে, সংবিধান সংশোধনের প্রক্রিয়া এমনভাবে এগিয়ে নেওয়া হবে, যাতে সমাজের সব শ্রেণি–পেশার মানুষ নিজেদের এই প্রক্রিয়ার অংশ মনে করেন। একই সঙ্গে এমন একটি সংশোধিত সংবিধান প্রণয়নের লক্ষ্য নেওয়া হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে।

বৈঠকে আরও বলা হয়, জুলাই চেতনা ও জুলাই সনদকে ধারণ করেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও বিশেষ কমিটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন