বেইলি রোডের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে শোকজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলমান ফুটপাত ও ড্রেনেজ উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অননুমোদিতভাবে নির্মিত ৯ মিটার গাইড ওয়াল ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
সোমবার (৩ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির অঞ্চল-১-এর ১৯ নম্বর ওয়ার্ডের বেইলি রোড এলাকায় অফিসার্স ক্লাব মোড় থেকে হেয়ার রোড পর্যন্ত চলমান উন্নয়নকাজে গুরুতর অনিয়ম ধরা পড়ে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখতে পান, ৯ মিটার গাইড ওয়াল নির্মাণে নির্ধারিত সিডিউল ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা কার্যসহকারীর উপস্থিতি ছাড়াই রাতের বেলায় ঢালাই কাজ চলছিল।
ডিএসসিসি জানায়, চুক্তির গুণগত মান নিয়ন্ত্রণসংক্রান্ত শর্ত অনুযায়ী প্রতিটি উন্নয়নকাজে নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার বাধ্যতামূলক। অনিয়মের প্রেক্ষিতে চুক্তির শর্ত অনুযায়ী কাজটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে অননুমোদিত অংশ ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই ঘটনায় সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিআইসি অ্যান্ড এডব্লিউ (জেভি)-কে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ-সংক্রান্ত শোকজ নোটিশে ডিএসসিসির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় স্বাক্ষর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরীর উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সিটি করপোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। উন্নয়নকাজের মান নিশ্চিত করতে ভবিষ্যতেও আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।