EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চায় বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চায় বাংলাদেশ
অ অ

বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ এবং ভাঙন প্রতিরোধে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একইসঙ্গে মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সরকারের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

নতুন কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং গ্রামীণ উন্নয়নে রূপান্তরমূলক প্রকল্প বাস্তবায়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এডিবি বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহায়তা, গবেষণা এবং দক্ষ জনবল তৈরিতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশে এডিবি তাদের অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নের কাজ চলছে এবং টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এডিবি আগ্রহী।

আরও পড়ুন