রোহিঙ্গাদের ২ কোটি ৫২ লাখ ডলারের সহায়তা অস্ট্রেলিয়ার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদান ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ সহায়তার ঘোষণা দেওয়া হয়। ২০২৬-২০২৮ মেয়াদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর মাধ্যমে এই অর্থায়ন বাস্তবায়ন করা হবে।
এই অর্থ রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী মানবিক সহায়তা, সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি পরিচালনায় ব্যয় করা হবে। পাশাপাশি স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্যও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।
জুলিয়ান হিল বলেন, অস্ট্রেলিয়া মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, প্রায় নয় বছর পরও রোহিঙ্গা সংকট বৈশ্বিক মনোযোগ হারানোর ঝুঁকিতে রয়েছে। অস্ট্রেলিয়ার এই সহায়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতির গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, নতুন অর্থায়নের মাধ্যমে নারী, কন্যাশিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সহজ হবে।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যাদের অধিকাংশ কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। তারা খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।