EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টঙ্গীতে জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

টঙ্গীতে জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
অ অ

সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী জংশনের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।

ফাহিমের বড় ভাই আরমান মিয়া জানান, তিনি ও তাঁর ছোট ভাই আশুগঞ্জ থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ‘ট’ বগিতে ওঠেন। ফাহিম জানালার পাশে বসেছিলেন। তিনি নিজে দাঁড়িয়ে ছিলেন।

টঙ্গী জংশনের কাছে পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা দিয়ে ট্রেনের ভেতরে ঢোকে। সেটি প্রথমে পাশের এক যাত্রীর মাথায় আঘাত করে। পরে ফাহিমের গলায় লাগে। আঘাতের পর ব্যথা ও আতঙ্কে ফাহিম কথা বলতে পারছিল না।

অপর আহত লিটন মিয়া জানান, তিনি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। একই পাথর প্রথমে তাঁর মাথায় আঘাত করে। পরে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় সিটিস্ক্যান করানোর পরামর্শ দেন।

ট্রেনটির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ বলেন, ট্রেন ছাড়ার আগে যাত্রীদের জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়। তবে গরমের কারণে অনেকেই জানালা খোলা রাখেন। সেই সুযোগে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

আরও পড়ুন