অসুস্থতায় বিজিবি সদস্য গোলাম মোস্তফার মৃত্যু, শোক প্রকাশ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য হাবিলদার মো. গোলাম মোস্তফা (৪৬) গুরুতর অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিজিবির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বিজিবির এক শোকবার্তায় জানানো হয়, নম্বর-৬৬২১২ হাবিলদার মো. গোলাম মোস্তফা সন্দেহজনক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (সাসপেক্টেড ইনট্রাক্রেনিয়াল হেমোরেজ) জটিলতায় আক্রান্ত হলে গত ৩০ জুলাই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ আগস্ট) ভোর ৫টা ১১ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কার্ডিওরেসপিরেটরি ফেলিয়রের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাবিলদার গোলাম মোস্তফার অকাল মৃত্যুতে বিজিবির সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত ও জান্নাত কামনা করা হয়েছে।