EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে ৫ জনের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:২৩ এএম

হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

হবিগঞ্জের লাখাই উপজেলায় হোমিওপ্যাথিক অ্যালকোহলজাতীয় তরল পান করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা সুদেব দাসের (৬০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত অন্যরা হলেন—মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা উপজেলার মোড়াকরি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে হোমিওপ্যাথিক অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার ও বৃহস্পতিবার একে একে তাদের মৃত্যু হয়।

সুজিত দাসকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সুদেব দাস মারা যান হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। রঞ্জিত কুড়ির মৃত্যু হয় ঢাকায় নেওয়ার পথে। নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান।

ওসি শরীফ আহমেদ বলেন, নিহতদের স্বজনরা পুলিশকে না জানিয়েই চারজনের মরদেহ দাহ করেছেন। কেবল সুদেব দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর পেছনে ওই তরলের ভূমিকা রয়েছে কি না, তাতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন