বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি দিপু, সাধারণ সম্পাদক জালাল
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নবনির্বাচিত সভাপতি ওহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন মল্লিক। ছবি: সংগৃহীত
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত।
ফলাফলে জানা যায়, সভাপতি পদে বিএনপি সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. আজাহার আলী হাওলাদার পেয়েছেন ২০০ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ মোশাররফ হোসেন মন্টু পেয়েছেন ১৯১ ভোট।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত আব্দুল অলি এবং জুনিয়র সহ-সভাপতি পদে জামায়াত সমর্থিত সাহিবুর রহমান সাহেব নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম মাহবুব মোর্শেদ লালন, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব) পদে শেখ মনিরুজ্জামান, সহকারী সম্পাদক (ক্রীড়া) পদে মো. সাজ্জাদ হোসাইন, সহকারী সম্পাদক (গ্রন্থাগার ও আসবাবপত্র) পদে মো. মকবুল হোসেন এবং সহকারী সম্পাদক (সংস্কৃতি ও সাহিত্য) পদে বি এম নূরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।