EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিমানবাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

বিমানবাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ
অ অ

বাংলাদেশ বিমানবাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জুলাই) বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে অবস্থিত বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি কোর্স সফলভাবে সম্পন্ন করা বাংলাদেশ বিমানবাহিনীর ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ কোর্স সম্পন্ন করার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ বিমানবাহিনীর গৌরবোজ্জ্বল উড্ডয়ন প্রশিক্ষক পরিবারের সদস্য হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন। তাঁদের জ্ঞান, দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতার সমন্বয়ে ভবিষ্যতের নবীন বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে তাঁদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় গড়ে উঠবে দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার বৈমানিক, যারা দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সে সার্বিকভাবে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে বহুল কাঙ্ক্ষিত ‘মফিজ ট্রফি’ অর্জন করেছেন স্কোয়াড্রন লিডার মির্জা মো. জুবাইর হোসেন, জিডি (পি)।

অনুষ্ঠান পরিচালনা করেন ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি। তিনি প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সের উদ্দেশ্য ও প্রশিক্ষণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমানবাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন