চোখের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য এবং চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত
চোখের স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য এবং চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত।
তিনি বলেন, চোখের স্বাস্থ্য কেবল চিকিৎসাসেবার বিষয় নয়; এটি শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক উৎপাদনশীলতা এবং জাতীয় উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন আয়োজিত ‘ন্যাশনাল ডায়ালগ অন আই হেলথ বিয়ন্ড হেলথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক, তিনি যেখানেই বসবাস করুন না কেন, মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
স্বাধীনতার পর থেকে দেশের চক্ষু চিকিৎসা খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে তিনি চিকিৎসক, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং সংশ্লিষ্ট অংশীদারদের অবদানের প্রশংসা করেন।
ড. মুহিত বলেন, দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, ডায়াবেটিসের প্রকোপ এবং গ্রাম ও দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সময়মতো চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলার চক্ষু স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নে একটি বৃহৎ র্যাপিড অ্যাসেসমেন্ট সার্ভে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জরিপের তথ্য আগামী পাঁচ বছরের জাতীয় পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও দৃষ্টিপ্রতিবন্ধিতার সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এসব বিষয় মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে শুধু বরিশাল বিভাগ নয়, সারা দেশে ছানিজনিত অন্ধত্ব দূর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় বাংলাদেশের ভূমিকা আরও জোরদারের প্রত্যয় জানিয়ে ড. মুহিত বলেন, গ্লোবাল সামিটের সহ-আয়োজক হওয়ার সুযোগ দেশের আই কেয়ার খাতে আন্তর্জাতিক নেতৃত্বের সম্ভাবনা তৈরি করেছে।
অনুষ্ঠানে ‘বরিশাল ভিশন ২০৩০: ছানি নির্মূল কর্মসূচি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেমিনারে আরও বক্তব্য দেন দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রস পাইপার, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. এ.এস.এম.এম. কাদির এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ, অরবিস ইন্টারন্যাশনাল, সিএসএফ গ্লোবাল, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘের সংস্থা, পেশাজীবী সংগঠন, একাডেমিয়া, সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।