ডিআইজি ফারুক আহমদের বরখাস্তের আদেশ বাতিল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত
সরকার ২০১২ সালে সাবেক ডিআইজি ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করেছে। একই সঙ্গে বরখাস্তকালকে কর্তব্যকাল হিসেবে গণ্য করে বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে সোমবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সাবেক ডিআইজি ফারুক আহমদের দায়ের করা মামলায় প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ গত বছরের ৬ নভেম্বর যে রায় দেন, তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১২ সালের ২ আগস্ট জারি করা স্মারকে ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের দণ্ডাদেশ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফারুক আহমদের বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। তিনি বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।
সরকার জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।