EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের বোয়ালমারীতে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়েছে।

এর আগে একই দিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে প্রায় দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায়, নিজের কার্যালয়ে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ। এ সময় তিনি টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন।

ভিডিওতে আরও শোনা যায়, ভূমি-সংক্রান্ত একটি আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়ে তিনি বলেন, আবেদনটি ওই রাতেই সম্পন্ন হবে এবং শুনানি হলে দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। পাশাপাশি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়েও মন্তব্য করেন।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট কর্মকর্তার পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই সরকারি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কার্যকর হওয়ার পর তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না।

আরও পড়ুন