দিনাজপুরের বিরামপুরে ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
ভোররাতে ভাইগড় সীমান্ত দিয়ে ৮ নারী ও এক হিজড়াসহ মোট ৯ ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নাগরিককে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি সদস্যরা। এ ঘটনার পর ওই এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর ৪টায় বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম।
জানা গেছে, শনিবার ভোররাতে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় শ্রীরামপুর এলাকার ২৯১ পিলারের ২০-এস এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্য ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটে তাদের সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা। এরপর সকাল সাড়ে ৭টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা আবার জড়ো হতে থাকলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা আবার ভারতে ফিরে যায়।

স্থানীয় আব্দুল আজিজ জানান, ‘ভোরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বাঁশির শব্দ শুনে ঘুম থেকে উঠি। বাড়ি থেকে বাহিরে এসে দেখি ৮ জন মহিলা ও ১ হিজরাকে বাংলাদেশে অবৈধ্যভাবে প্রবেশের চেষ্টা করছে বিএসএফ। এসময় গ্রামবাসী তাদের প্রতিহত করে।’
তিনি বলেন, ‘আমরা ভোর থেকে এখনো পুরো গ্রামবাসী এখানে অবস্থান করছি। তবে সকাল থেকে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে।’
স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শুকুর আলী জানান, ‘শনিবার ভোরে ভাইগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ৯ জন কে জোর করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। সকালে ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি বাড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।’
এ বিষয়ে ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ‘ভারত থেকে অবৈধ পথে ৯ জন কে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের ভারত সীমান্তে ফেরত পাঠায়।’
তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে কোনো ভারতীয় নারী ও পুরুষ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে।’