বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে হত্যা
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাট শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪৮)। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ এলাকার বাসিন্দা এবং বাগেরহাট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও আইনজীবী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও আদালতের চেম্বারের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নিজাম উদ্দিন শান্ত। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু বলেন, নিহত আইনজীবীর সঙ্গে এলাকায় একটি মৎস্যঘেরকে কেন্দ্র করে বিরোধ ছিল বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে আইনজীবী নিজাম উদ্দিন শান্তর ওপর হামলা চালানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
শনিবার সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গের সামনে জেলা আইনজীবী সমিতির সদস্যরা জড়ো হয়ে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।