মাদ্রাসার ১৫ শতাংশ জমি দখলের প্রতিবাদে মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে মাদ্রাসার এই জমিটি দখলের অভিযোগ তুলেছেন তারা
ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ১৫ শতাংশ জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে মাদ্রাসার এই জমিটি দখলের অভিযোগ তুলেছেন তারা।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের অবৈধ দখলে রয়েছে। বিগত শাসনামলে মামলা ও হামলার ভয়ে স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি।
পাঁচ গ্রামের মানুষের পক্ষ থেকে বক্তারা অবিলম্বে ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসিন ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান এবং হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ।