হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
মঙ্গলবার (২০ জুলাই) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দ করা কাঠ ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত বনজ সম্পদ সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, সাতছড়ি, রেমা-কালেঙ্গা ও হবিগঞ্জের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন বলেন, জব্দকৃত গর্জন কাঠ রেঞ্জ কার্যালয়ে গ্রহণ করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।