চিকলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
নদীতে গোসল করতে নেমেছিলেন প্রতিদিনের মতোই। কিন্তু সেই গোসল শেষে আর ঘরে ফেরা হলো না ৬৫ বছর বয়সী সুলতান আলীর। রংপুরের তারাগঞ্জ চিকলী নদীতে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার আলমপুর ইউনিয়নের চিকলী নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী উপজেলার ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে ৭টার দিকে সুলতান আলী গোসল করতে বাড়ি অদূরে থাকা চিকলী নদীর চিকলী সেতুর দক্ষিণ দিকে নামেন। সাঁতার না জানায় একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দল অভিযানে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ২০ মিনিটের দিকে নদীর চিকলী সেতুর পূর্ব পাশের ঘাট থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করা হয়।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, সুলতান আলীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নদীতে গোসল করতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বর্ষাকালে নদী ও জলাশয়ে নামার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার
তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার এসএম শরীফ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ৭টা ৩০ মিনিটে ঘটনাস্থলে রওনা দেই। ৯টা ২০ মিনিটে চিকলী সেতুর পূর্ব পাশের ঘাট থেকে সুলতানের লাশ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত নদীতে গোসল করতেন। তবে সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে যান। তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা পাঠিয়েছিলাম। গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই বৃদ্ধ মারা গেছে। পরিবারের লোকজন তার লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন