চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৩ জনের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাদুরতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাইয়ের মেয়ে আশা খাতুন এবং আশার ছোট মেয়ে মিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লোহার মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন হাসিনা বেগম। আগে থেকেই মইটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিমও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।