EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হবিগঞ্জের কলম চাঁন হত্যা মামলার আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম

হবিগঞ্জের কলম চাঁন হত্যা মামলার আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার
অ অ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কলম চাঁন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইমন মিয়া (২৭)কে ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ইমন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে। তিনি কলম চাঁন হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‍্যাব-১-এর সদস্যরা ঢাকার শেরেবাংলা নগর থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ইমন মিয়াকে গ্রেপ্তার করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের বাসিন্দা কলম চাঁনের সঙ্গে প্রতিবেশী ফারুক মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে আদালতেও মামলা বিচারাধীন ছিল।

গত ২৭ জুন বিকেলে কলম চাঁনের নাতনি কেয়া আক্তার থালা-বাসন পরিষ্কার করার সময় ময়লা পানি বিরোধপূর্ণ জমিতে চলে গেলে ফারুক মিয়া তাকে গালিগালাজ করেন। এ সময় কলম চাঁন প্রতিবাদ করলে ফারুক মিয়া পরিবারের অন্য সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন কলম চাঁন। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় পলাতক আসামি ইমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে গত ৪ জুলাই র‍্যাব-৯ গ্রেপ্তার করেছিল। বর্তমানে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন