ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল মোস্তাকিম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে শুরু করলে পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।