EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাপলা চত্বর মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

শাপলা চত্বর মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ছবি: সংগৃহীত

অ অ

শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত প্রতিবেদনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নামও রয়েছে। এছাড়া তৎকালীন পুলিশপ্রধান, র‌্যাবপ্রধান ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।

এদিকে মামলার অগ্রগতি জানতে রবিবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশটি সরিয়ে দেওয়া হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

আরও পড়ুন