EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি: তথ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

অ অ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন অভিযোগ করেছেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারি তহবিল থেকে প্রায় কোনো খরচ হয়নি বলে দাবি করেছেন তিনি।

রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন বলেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হলেও ফিফাকে পুরো অর্থ পরিশোধের পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, বিশ্বকাপ সম্প্রচারে জনগণের অর্থ যেন ব্যয় না হয়। সেই নির্দেশনা অনুসারে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী জানান, এবার ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়। চারটি গণমাধ্যমে সফলভাবে বিশ্বকাপ সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজন শেষে ৩ থেকে ৪ কোটি টাকার সামান্য ঘাটতি থাকলেও বিজ্ঞাপন থেকে সেই অর্থ উঠে আসবে। ফলে সরকারি তহবিল থেকে ব্যয় প্রায় শূন্যের কোঠায় থাকবে।

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিটিভির মাধ্যমে হওয়া ওই আর্থিক অনিয়মের ঘটনায় বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

তথ্যমন্ত্রী বলেন, তদন্তে যা প্রমাণিত হবে, সে অনুযায়ী আইন তার নিজস্ব গতিতেই চলবে।

আরও পড়ুন