সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সকাল ৯টা ৩০ মিনিটে খবর পেয়ে ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাজীপুরের কড্ডার বাজার থেকে একটি স্টিল বডির ইঞ্জিনচালিত নতুন নৌকা কিনে ১০ জন যাত্রী কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে রওনা হন। পোস্তগোলা ব্রিজের আগে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার পর নৌকায় থাকা ১০ জনের মধ্যে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন। নৌকাটিও নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।