সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:০৭ এএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রয়োজন হলে রক্তের বিনিময়েও দেশের সম্প্রীতি রক্ষা করতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা শুধু একটি ধর্ম বা একটি সংস্কৃতির কথা বলে, তারা প্রকৃতির বৈচিত্র্য ও সমাজের বাস্তবতা উপলব্ধি করতে পারেন না। বাংলাদেশের শক্তি হলো বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান।
তিনি বলেন, সমাজে সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে তিনি নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। মহাত্মা ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ ও জাতীয়করণের পাশাপাশি সেখানে একটি আধুনিক মন্দির নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।