৫০ বছরের ইমামতিতে শামসুল হককে রাজকীয় বিদায়
ডেইলি সান রিপোর্ট, ফেনী
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ি রৌশআরা বেগম চৌধুরানী জামে মসজিদে টানা ৫০ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নিলেন মাওলানা শামসুল হক মিয়াজী (৯৫)। জুমার নামাজ শেষে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দিয়ে ব্যতিক্রমী বিদায় জানান মুসল্লি ও এলাকাবাসী।
শুক্রবার (১৭ জুলাই) বিদায় অনুষ্ঠানে শতাধিক মোটরসাইকেলের বহর ঘোড়ার গাড়িটির সঙ্গে ছিল। পথের দুই পাশে দাঁড়িয়ে নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা সালাম, শুভেচ্ছা ও দোয়ার মাধ্যমে প্রিয় ইমামকে বিদায় জানান। আবেগঘন এ আয়োজনে অনেকেই অশ্রুসিক্ত হন।
মাওলানা শামসুল হক মিয়াজী ১৯৭৬ সাল থেকে একই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তার সম্মানে বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
পারিবারিকভাবেও এই মসজিদের সঙ্গে তাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে। তার বাবা মরহুম এবাদুল্লাহ মিয়াজী ৮১ বছর এবং দাদা হামিদ উল্যাহ মিয়াজী ৬০ বছর একই মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছিলেন।
অনুষ্ঠানে দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতিস্বরূপ মাওলানা শামসুল হক মিয়াজীকে নগদ ৩ লাখ টাকা ও বিভিন্ন উপহার দেওয়া হয়। পাশাপাশি আগামী এক বছরের বেতন, আজীবন পেনশন এবং আমৃত্যু চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেয় চৌধুরী বাড়ির পক্ষ।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী বলেন, ইমাম সাহেব শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন এলাকার মানুষের অভিভাবক। দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন। তার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ আয়োজন করা হয়েছে।
বিদায়ের সময় আবেগাপ্লুত মাওলানা শামসুল হক মিয়াজী বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই মসজিদ ও এলাকার মানুষের সঙ্গে কেটেছে। আল্লাহর দ্বীনের খেদমত করার চেষ্টা করেছি। বিদায়বেলায় মানুষের এত ভালোবাসা ও সম্মান পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
মসজিদ কমিটির সভাপতি রেজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর বলেন, বার্ধক্যের কারণে তিনি দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। তবে আমৃত্যু তার দেখাশোনার দায়িত্ব চৌধুরী বাড়ির পক্ষ থেকেই পালন করা হবে।