শহীদ আবু সাঈদের কবরে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
গণঅভ্যুত্থানের প্রেরণা শহীদদের আত্মত্যাগ: দেওয়ান আবদুর রশিদ নীলু
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। পরে দলের নেতারা শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর খোঁজখবর নেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু-এর নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগই বাংলাদেশের মানুষের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে নিয়ে যায়। ২০২৪ সালের ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্তসহ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ থেকেই জাতীয় পুনর্গঠনের প্রেরণা আসে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন, শ্রমখাতবিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দীপক কুমার রায়, বাংলাদেশ কৃষক মজুর সংহতির সহসভাপতি আব্দুর রশিদ, বাংলাদেশ কিষাণী সভার সদস্যসচিব রুবিনা ইয়াসমিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।