দেশে ১৫ বছরে রেলপথে ঘটেছে ১৩৩৪ দুর্ঘটনা: মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
রেলপথমন্ত্রী শেখ রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত
দেশে গত ১৫ বছরে রেলপথে ছোট-বড় মিলিয়ে ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার বেশির ভাগই ঘটেছে রেললাইন, পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেলপথমন্ত্রী।
মন্ত্রী জানান, মোট দুর্ঘটনার মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ১ হাজার ৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, রেললাইন, পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে অধিকাংশ ক্ষেত্রে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এ ছাড়া চাকার শার্প ফ্ল্যাঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে রেললাইন বাঁকা বা দেবে যাওয়ার ঘটনাও দুর্ঘটনার কারণ হতে পারে।
দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন রক্ষণাবেক্ষণ ও নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি।
একই অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে শেখ রবিউল ইসলাম বলেন, মেট্রোরেল এমআরটি-৬ প্রকল্পে এখন পর্যন্ত অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এমআরটি-৬ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তিনবার সংশোধন করা হয়েছে। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি ৭ লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা হয়। পরে তৃতীয় সংশোধনীতে ব্যয় পুনর্নির্ধারণ করে ৩২ হাজার ৭১৭ কোটি ৭৩ লাখ টাকা করা হয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের বহরে ৬৬টি ব্রডগেজ ও ৪১টি মিটারগেজ লোকোমোটিভ, ৩২০টি ব্রডগেজ এবং ৪৮২টি মিটারগেজ যাত্রীবাহী কোচ যুক্ত করা হয়েছে। এ জন্য ব্যয় হয়েছে ৬ হাজার ৭৭০ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে কুমিল্লা-১০ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, মহাসড়কে চলাচলকারী সেচ ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।