EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এলডিসি উত্তরণে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

এলডিসি উত্তরণে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (১৪ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়া, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসক্যাপ) নির্বাহী সচিব ও আন্ডার-সেক্রেটারি-জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বৈঠকে ড. তিতুমীর বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি কার্যকরভাবে বাস্তবায়ন এবং এলডিসি থেকে টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে সরকার প্রস্তুতিমূলক সময় তিন বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক ম্যান্ডেট সরকারের সংস্কার কর্মসূচিকে আরও শক্তিশালী করেছে। প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিমূলক সুশাসন এবং জনকেন্দ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে।

উপদেষ্টা সরকারের ‘৩আর কৌশল’—রিকভারি (Recovery), রিস্টোরেশন (Restoration) এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন (Reconstruction for Acceleration)-এর কথা তুলে ধরে বলেন, এই কৌশল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত করার রূপরেখা হিসেবে কাজ করছে।

বৈঠকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়া বাংলাদেশের উন্নয়নযাত্রায় ইউএন ডেসার (UN DESA) অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি সরকারের সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন।

অন্যদিকে ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা বাংলাদেশের এলডিসি উত্তরণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা জোরদারে সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

এ ছাড়া ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন